
মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা: ঢাকা-১৮ আসনের তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা সড়ক পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর পরিদর্শনকালে তিনি সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়কের বেহাল দশা, খানাখন্দ ও দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১৭ বছরে ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যেসব এলাকায় দীর্ঘদিন কোনো উন্নয়নকাজ হয়নি, সেসব এলাকার সড়কগুলো বর্তমানে আরও ভাঙাচোরা হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব এলাকায় রাস্তা, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ হয়নি, সেসব এলাকায় মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। ২০২৬ সালের নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে কথা বলে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিএনপি জয়লাভের পর জনগণের দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করা হবে। এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই এই এলাকার উন্নয়নকাজ শুরু হবে। জনকল্যাণের জন্য যতটুকু কাজ করা প্রয়োজন, আমরা তা করার সর্বোচ্চ চেষ্টা করব। ডিসেম্বরের মধ্যেই এলাকার প্রায় ৯০ শতাংশ উন্নয়নকাজ শেষ হবে বলে আশা করছি।এ সময় তিনি সড়কটির উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন এবং দ্রুত উন্নয়নকাজ শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ ও অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এছাড়া তুরাগ থানা বিএনপির আহবায়ক আমান উল্লাহ ভুইয়া,সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক আলাস আলী, সাবেক সভাপতি আতিকুর রহমান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারী,বিপ্লব হোসেন, আহবায়ক সদস্য আব্দুল আলী, সাগর, ,কবির চৌধুরী ও মামুন পারভেজ তন্ময়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।