
গ্যাস ও বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট—সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সরকারের তৈরি নয়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতা এবং মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সংকট আরও জটিল হয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার বসে নেই; এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নিজস্ব ভূমিকা ও উদ্যোগ রয়েছে। কিন্তু সেই উদ্যোগকে পাশ কাটিয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা দেখা যাচ্ছে। লংমার্চের নামে কিংবা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে রাখার হুমকি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডের সমালোচনাও বিরোধী দল করতে পারে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকার নিজের ভুল-ত্রুটি বুঝতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। একইভাবে বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট শুধু সরকারের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়; এর পেছনে বৈশ্বিক ও বাস্তব কিছু কারণও রয়েছে। অথচ বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, কোনো রাজনৈতিক দল যদি সরকারের সমালোচনা করে, তাহলে শুধু সমস্যা তুলে ধরলেই হবে না; সংকট সমাধানের পথও দেখাতে হবে। তিনি বলেন, ‘আপনারা সমাধানের একটি রূপরেখা দেন, সমাধানের পথ বের করেন।’ বিরোধী দলেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংসদে সম্প্রতি কেউ কেউ গ্যাস-বিদ্যুৎ সংকট কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কথা বলেছেন। তবে এর আগে এ বিষয়ে কার্যকর কোনো মতামত বা সমাধানের প্রস্তাব খুব একটা দেখা যায়নি।জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ অনেকে।