
মো. শাহজালাল সুমন, উত্তরা, ঢাকা: রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপ্রীতিকর কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরা পশ্চিম থানার নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে মিছিলটি উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা কঠোরভাবে স্লোগান দিয়ে উত্তরার বিভিন্ন এলাকায় কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা মানুষের জানমালের ক্ষতি না করার আহ্বান জানান। এ সময় মোস্তফা কামাল হৃদয় বলেন, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে আমাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে; তবে দলের কিছু নেতাকর্মী এখনো বিভিন্ন সময়ে উত্তরায় গোপনে ঝটিকা মিছিলসহ নানা ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জানমালের ক্ষতির আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধে উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে মাঠে রয়েছেন। উত্তরার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলেও জানান তিনি। মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে মানুষের জানমাল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করার কথা জানান নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. সেলিম হাওলাদার, সাইফুল হাসান সজীব, মোশাররফ হোসেন, রুবেল আহমেদ নীরবসহ স্থানীয় নেতাকর্মীরা।