
মো. তাওহিদুল ইসলাম, তুরাগ: রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া এলাকায় ঐতিহ্যবাহী মোশাররফ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বেসরকারি মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক সিনিয়র কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোশাররফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা খালিদ মোশাররফ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মাহাথির মোহাম্মদ আসিফ।এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সর্বমোট ৬৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে মোশাররফ স্কুল অ্যান্ড কলেজ থেকেই ৪০ জন শিক্ষার্থী বেসরকারি মেধাবৃত্তি অর্জন করেছে।মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের এমন সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।