
রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে একটি শপিং মলের ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।