
ঢাকা, ৪ সেপ্টেম্বর:নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডও প্রদর্শন করেন। জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ঢাকায় বসবাসরত নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং ভোগা ন্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আন্দোলনকারীদের দাবি, নোয়াখালীকে বিভাগ করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।