
ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুর–১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার সকালে উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী গাড়িটিতে আগুন দেন বলে জানা গেছে। অভিযান চলাকালে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে মিরপুর–১০ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর–১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হকাররা হামলা চালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মিরপুর–১০ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।